গোমতি আয়েশা ভিলা। যেখানে পড়েছে নুয়ে রোদ;
যেখানে সাপের মতো নেমে আসে সন্ধ্যা অবিকল।
নীরবতা গাঢ় হয়। হয়ে ওঠে কঠিন শীতল-
কবি আল মাহমুদ। দেখছেন বিবিধ বিরোধ।
বিস্ময়ে বলেন তিনি, ‘কতদূর এগোল মানুষ’
‘খড়ের গম্বুজ’ ফেলে ছুটে আসে ‘কবিতা এমন’-
অথবা আসছে কেউ, ভাদুগড়ী, জাহরা যেমন;
কবিতা লিখেছে সেও, সে উড়ায় স্মৃতির ফানুস।
‘নদীর ভেতরে নদী’। নদীপাড়ে পাখি আসে খুব
চিরচেনা ঠোঁটে ফোটে তরতাজা সুরের লহর।
পাখিরা এখানে আসে। আলোকিত তাদের বহর;
এখানে তারারা হাসে, ভোর হলে দেয় তারা ডুব!
ফুল ফোটে পাখি ছোটে কেঁপে ওঠে তিতাসের তীর
এখানে ঘুমান কবি। গায়ে মেখে রাতের শিশির।