আপনাকে ভালোবাসে পাখি আর ফুল
জোড়বাঁধা পতঙ্গ নদীর দু’কূল
ভালোবাসে স্রোতধারা ঝর্ণা পাহাড়
নীলাকাশ মেলে দেয় বক্ষ তাহার।
আপনাকে ভালোবাসে সাগরের ঢেউ
আকাশের তারা, জীন, পরি কেউ কেউ
ভালোবাসে ঘাস আর জলে ভাসা হাঁস
আষাঢ়ে কদম ফুল, শরতের কাশ।
আপনাকে ভালোবাসে ক্ষেতের ফসল
ঘামে ভেজা কৃষক আর কিষানীর দল
ভালোবাসে প্রাান্তর, মাঠ, ঘাট, বন
প্রকৃতির সুর আর পুবালি পবন।
আপনাকে ভালোবাসে শুদ্ধ মনন
কবিতার কথামালা গল্প বুনন
ভালোবাসে হৃদয়ের পুলকের সুখ
কলমের কালি আর কাগজের বুক।
আপনাকে ভালোবাসে শহীদের খুন
ফেরেস্তা হুরপরী গায় কতো গুণ
ভালোবাসে যত আছে স্বাধীনতাকামী
সকলেই আপনার মতো দূরগামী।
আমিও যে আপনাকে ভালোবাসি কবি
ভালোবাসি ভালোবাসি বুকে নিয়ে ছবি
ভালোবাসা বুক জুড়ে পাখি হয়ে নাচে
ক্ষমতাও হেরে যায় কবিতার কাছে।