শোবার ঘরে আশ্চর্য আলো এবং অপ্রত্যাশিত স্বপ্নের অন্তর্কলহ
যেন আমার শিয়রে বসে কেউ বল্গাহীন তর্ক জুড়ে দিয়েছে
অসম্ভব বলে এখন আর কোনোকিছু নেই এমনকি ভূত-ভবিষ্যতও
কতখানি অন্ধকার ঢেকে দিতে কতটা আলোর প্রয়োজন
এমন প্রশ্নের বিপরীতে স্বপ্নকে ঘায়েল করতে তৎপর এবং
পাল্টা প্রশ্ন করা হলো কেন তিনি উচ্চাভিলাষী এবং যখন তখন
আলোর ভেতরে ঢুকে নাক গলান
তিনিও কম যান না- ঘরের আসবাবপত্র একবার নিরীক্ষণ করেই
আশ্চর্য আলোকে ধমকাতে লাগলেন
বিষণ্নতা এক ধরনের রোগ যা থেকে রিরংসার জন্ম হতে পারে
কিছুক্ষণ নীরবতা এবং স্পষ্ট অনুমান করা গেল সবার মনের মধ্যে
বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে
কারণ অন্ধকার ছাড়াও এমন ঘটনা অহরহ ঘটছে জনসমক্ষে
অতএব সতর্কতার পরিবর্তে তর্ক মোটেই বাঞ্চনীয় নয়
আমি আলোটাকে দেখলাম ক্রমশ মিইয়ে যেতে
স্বপ্নটাকে দেখলাম হতাশার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তে
একমাত্র আমি জেগে আছি এবং জেগে থাকি
আমার শোবার ঘরে তখন সমুদ্রের প্রবেশ- দেখা যাক ভাসিয়ে নেয় কি না
অথবা এমনও হতে পারে সমুদ্রের সাথে স্বপ্ন আবার তর্ক শুরু করবে
এবং স্বপ্নকে ঘায়েল করতে অজস্র ঢেউ আছড়ে পড়বে ঘরময়।