রহস্যগুলো গহ্বরে দানা বাঁধে। নিস্তব্ধতার ওপারে নিস্তব্ধতা গাঢ় হয়। আর
সব ভোর এই গহ্বরে ডুবে যায়।
যেন চেনা মানুষেরা একেকজন লুপ্ত ফসিল। যেন ঘোড়া। আস্তাবল থেকে পালিয়ে নেমে গেছে গড়খাইয়ে।
আচ্ছন্নতায় ডুবে থাকে অপার্থিব সবুজ আলো
যেন ইজেল। একটু একটু কালো সময়ের মতো কালো রঙ ছিটকে পড়ে।
যেন মুখ ব্যাদান করে পড়ে থাকে মার্ক শাগালের চিত্রাবলি।
তবু নেমেসিসের মতো কেউ নেমে যান জলযানে। উজ্জ্বল উদ্ধারে ব্রতী মানুষেরা
আগুনের শিখা চটকে দেন। যেন দাবানলের মুখে দাঁড়িয়েছে দমকল।
বরফের মতো শাদা হালকা বাতাসগুলো ঘাঁই মারে। গহ্বরের ফাঁক থেকে ছিটকে আসে চিলতে আলো।
আর ভোরগুলো উত্থিত হয় গহ্বরের ওপারে।