পুঁজি বলতে যা কিছু বোঝায় তেমন কিছুই নেই আমার
ধরুন ডলার দিনার অথবা বাণিজ্যের পক্ষে মোটা অংকের মানি
সম্পদ যেটুকু গোপন প্রকাশ্য তার সবটুকু অকপট দেখিয়ে
দেবার অদম্য সাহস বুকেই আছে
হ্যা আছেই তো- ভেতর বাহির- মহলে অন্দরে যা যা
তার সবটাই আকাশের চোখের মতো খোলা
কি আছে?
এই যৎ সামান্য আবেগ- এক মুঠো কল্পনা- ভালোবাসার যাযাবরী মন
সেই সাথে ভবিষ্যৎ দেখার ঈষৎ তীক্ষ্ণ চোখ
আরও একটি সম্পদ যাকে বলে আঁচ করার ক্ষমতা!
আর কিছু?
এই ধরুন মুখ দেখে মনের কথা বোঝা- চোখের ভাষা বিশদ করা
অশ্রুর গভীরে বেদনার শব্দপুঞ্জ- হাসির গহনে সুখের চিহ্নমালা
এবং মৌনমুখে প্রলম্বিত ছায়ার নকশা বোঝা এ-ই তো আমার পুঁজি
তারপরও যদি জানতে চাই?
আছে আরো কিছু পুঁজির জোর- যে কথা বুকের ভেতর লুকায় মানুষ
গোপন প্রেম ও ঘৃণার বাজারে সাজানো সওদা
এবং উপদেশ মালার পেছনে লোভের
উদ্যত ফণা দেখার দৃষ্টি
দেবার মতো কিছু?
একটিমাত্র মন- দিলে শুধু একে দেয়া যায়
বিনিময় করার কি আছে?
হৃদয় ব্যতীত বিনিময়ের তেমন কিছু নেই।