ভরসন্ধ্যায় বৃষ্টি নামলো
কাঠফাটা এই চৈত্রে
বাতাসে বাতাসে এলোমেলো গাছপালা-
তোমার চিবুকে-চুলের অভয়ারণ্যে
সাঁতরে নামলো স্বস্তি
শাখায়-পাতায় সবুজের জয়ভেরি –
মুকুলে-কুঁড়িতে বিপুল অস্তি অস্তি;
তুমি চেয়েছিলে জোছনার নিচে
বিভ্রমহীন নির্জন বনতল
চিত্রার তীরে একা একা হাঁটাহাঁটি
দুরূহ জলের অচেনা শরীরে মাছেদের ঘাই –
ধারা স্নান সারা পাতার সানাই ;
আজ এসে দেখি নদীটা হঠাৎ বুড়ো –
চিত্রার তীরে দখলি-স্বত্বে ক্রমাগত ভিড় বাড়ে
হঠাৎ সন্ধ্যা কেঁপে কেঁপে ওঠে
দাঙ্গার চিৎকারে-
একালে তবে কি জন কলরোল
নিজেই প্রকৃতি ফাড়ে?