আকাশের বুকভরা বিভৎস বিষবায়ু ধোঁয়াতে
বসুমতি কম্পিত অনাচার নিপীড়ন ছোঁয়াতে।
বনান্তে ছায়া নেই কাঠফাটা রোদ্দুর সীমাহীন,
সাগরে সুনামি নাচে তান্ডবে কম্পিত দীন হীন।
সন্ত্রাস খুনোখুনি আপামর দেশব্যাপী তান্ডব,
মানুষের ঠাসা ঠাসি দেশটাই নেই কোনো বান্ধব।
ক্ষমা নেই প্রেম নেই পদে পদে স্বার্থের সংঘাত,
ধর্মের সুড়সুড়ি তুরুপের তাস শুধু জাতপাত।
মন্দির মসজিদে ধার্মিক কম, বেশি ভন্ড,
দম্ভের বাড়াবাড়ি লুটপাট দেখে লাগে ধন্ধ।
ছায়া নেই মায়া নেই মানুষের অন্তর মরুভূম,
কাছে আছে পাশে নেই পিড়ীতের চোখে তাই নেই ঘুম।
কাজে নেই, কথাতেই সারে কাজ, মারে বাঘ,
আড়ি পাতে হাঁড়ি ভাতে বাধা দিলে যত রাগ।
সভ্যতা শেষধাপে থরথর শ্মশানের কিনারে,
নির্বাক চেয়ে থাকা সবাই সবার খুব চিনারে।
ওরা সব বলবান টানবেই তোমাদের রক্ত,
বুক ঠুকে মুখোমুখি দাঁড়াবার লোক পাওয়া শক্ত।
দূষণের তির বুকে পদে পদে ঢোক গেলে নিশ্বাস,
ফিস্ ফিস্ ফুস ফাস ঘুণধরা আশ্রয় বিশ্বাস।