আহাম্মক কোথাকার এসো
আমাকে ছুঁইয়ে দ্যাখো
ছুঁইয়ে না দেখো যদি
বর্বর প্রেমিক তুমি কাপুরুষ।
মাথার ওপর দাঁড়িয়ে চাঁদ জ্যোৎস্নাহীন
নিচে প্রবীণ পৃথিবী শুয়ে আছে নিদ্রাতুর অন্ধকারে
সামনেই আমন্ত্রণ, ইন্দ্রিয় সুখের হাতছানি,
সময় প্রভাবে যেন বিধ্বংসী এক বিস্ময়!
আমি ভাবলাম আমাকে পুরুষ হতে হবে
সুবর্ণ অর্কিড বুকে বীর সাহসিক
আমি হবো তন্বিষ্ঠ পথিক
যাবো আমি আদিম বৃক্ষের কাছে
যাবো আমি অনন্তের কাছে।
নারী,
পুরুষ হয়ে যা আমার পাওয়ার কথা
ঘটে যাক সবকিছু অনাবৃত প্রচণ্ড ও মারাত্মক
ঘটে যাক সবকিছু দুঃস্বপ্নের এক স¦প্নের ভেতর।
পৃথিবীর কক্ষপথে শুরু হয়েছে ঘর্ষণ
এগিয়ে আসছে চরম মুহূর্ত
ক্লান্ত সময়ের স্রোতে হয়তোবা হয়ে যাবো
স্থির নিশ্চল কিম্ভুত কিমাকার!