হ্যান ক্যাঙ। দক্ষিণ কোরীয় ঔপন্যাসিক ও কবি। ‘দ্য হোয়াইট বুক’ বইয়ে জিতেছেন ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার’ ২০১৮। ডেবোরাহ স্মিথের ইংরেজি তরজমা বাঙলায়ন করা হয়েছে।
১.
ধূলো
এবং সে হরদম ভুলে যায়,
যে তার দেহখানি (আমাদের সবারই) ধূলোর গেহ,
বিচূর্ণ ছিলো এবং অবিরত ধসে যাচ্ছে
আঙুলের ফাঁক গলে।
২.
নিঃশ্বাসের ধোঁয়া
শীতের সকালে, প্রথম নিঃশ্বাসের সফেদ ধোঁয়া
জানান দেয় আমরা বেঁচে আছি।
প্রমাণ করে শরীরী উম।
শীতল হাওয়া হানা দেয় আমাদের তিমির ফুসফুসে,
শুষে নেয় শরীরের উত্তাপ, বের করে দেয় গ্রাহ্য ভাঁপ।
শাদা ও ধূসরে হয় একাকার। নিরাকার বাতাসের
এই বিস্ময়কর ব্যাপনই আমাদের জীবন।
৩.
নৈঃশব্দ্য
দীর্ঘ অবসাদের দিন শেষে
এক চিলতে অবসর বড় দরকার।
যখন অবচেতন মনেই স্টোভের সামনে বসবো,
আমার নৈঃশব্দ্যে মেলে দেয়া সিটকে লাগা হাত
আনন্দে নেচে উঠবে ঈষৎ উষ্ণতায়।
৪.
মেঘমালা
মনে পড়ে তোমার? কোন এক গ্রীষ্মে
আমরা দেখেছিলাম মাঠের উপরে চলন্ত মেঘ।
ঢলাঢলি করে বসেছিলাম উষ্ণ মন্দিরের সামনে,
সমতল শিলায় খোদিত বুদ্ধের দিকে চেয়ে।
ঢাউস মেঘের ছায়াগুলি দ্রুত কেটে পড়ছিল পাশাপাশি
আকাশ জমিনের মাঝামাঝি।