শীতার্ত স্বপ্নগুলো কুয়াশার চাদরে ঢেকে যায়। আরশি নগরে…
বাউল মন একতারা হয়ে মেঠোসুরে স্পন্দিত হয়। রাত্রির
প্লাটফর্ম কুঁকড়ে আসে শীতের শামিয়ানা বিছিয়ে; আমি নিরস্ত্র হই
প্রকৃতির ক্যানভাসে দাগ টেনে যাই, দৃষ্টির পর্দা খুলে খুলে
ঝিরিঝিরি তুষারপাতের মতো মাটিতে লুটায় শিউলি কিংবা বকুল
তবু তুমি বুঝলে না আমার প্রেমের আকুতি কতোটা নিরন্ন পথিক,
বুঝলে না আমাদেরও রয়েছে ছায়াবীথি; আঁকাবাঁকা পথের
জ্যামিতি; অনুতাপ উচ্চারণের দিনরাত্রি; সৃষ্টির খণ্ডাংশগুলো
নিমগ্ন পথে ও খেলাঘরে জীবনঘড়ির কাঁটাকম্পাসে সেটে আছে
আমি পথের দীঘল মেপে মেপে তাকিয়ে দেখি, উষ্ণ, জীবনবোধই।