ক্ষমতা
দেমাগটাকে একটু ঘোরাও ফোটাও চোখে খৈ
বুদ্ধিফেরীর শুদ্ধি মেলায়
নামবে যখন অন্ধ বেলায়
ছড়াও তখন গোপন জেবে টাটকা মাগুড় কৈ।
ত্রাসন গলায় ভাষণবোমা আগুন-হাওয়া-তিতা
কুরসিখানা নয়নতারায় বাইরে জ্বলুক চিতা।
গণতন্ত্র
মুষ্টি গুহায় বেবাক উঠান, গুরদাখানা পুরা
বেগানারা তুললে আওয়াজ কইলজা করো গুঁড়া।
নির্বাচন
দুগ্ধ মাখন ঘৃত্য বিলাও হাটে
ভিড়বে দেখো ভোটের ডিঙি ঘাটে
কিংবা বেলট বোঝাই করো রাতে
বিজয় ফুলের বাক্স তোমার হাতে।
মোবাইল
পুবাইল থেকে মোবাইল করে ঝন্টুমিয়া কাল
এখন নাকি আটকে আছেন সুদূর বরিশাল।
বরিশালের বরগুনাতে যাচ্ছে তিনি দ্রুত
এমনতরো শুদ্ধবচন হয় হামেশা শ্রুত।