পলাশীর ক্ষত-বিক্ষত মাঠ, শস্য ক্ষেত, ভাগিরথী নদীতীর ঘিরে-
ভাগিরথী ভালবাসে গঙ্গার জল
গঙ্গা তাহারে নেয় সমুদ্র কিনারে!
পাহাড়- পর্বত, অরণ্য, দগ্ধ বুক জুড়ে নাভিশ্বাস গুলি-
অস্ত্র, তরবারি, কামান, তীর- ধনুক, রাজাও নেই
শুধু বিরান ভূমিতে খেলা করে অচঞ্চল কয়েদির খুলি!
মীরজাফরের নামের ঘৃণায় এখনও গাল ভর্তি থুতু ঘুরপাক খায়-
ঘসেটি বেগম আজও আছে একই দ্রাঘিমায়
লুৎফার প্রেম কোটি হৃদে অবারিত, রোজ উৎলায়!
মুখে- মুখে, নগরে- নগরে আগের মতোই নবাবের যাত্রা- পালার গান
সিরাজের এক পাটি মখমল সু এখনও ঝিলিক ছড়ায়-
সূর্য ও সমুদ্রের মত অনাদি অক্ষত যুদ্ধ- সময়ের জাঁতাকলে এতটুকু হবে না ম্লান!
যুদ্ধ আমার মা, যুদ্ধ শহীদ বাবা, যুদ্ধ সহোদর, বোন
হাত বাড়ালেই ছোঁয়া যায় মুহূর্তেই
ছলকায়- উতলায়, খেলা করে রাত্রি-নিশীথে দু’চোখের কোণ!
মুক্তিযুদ্ধ আগের মতই মীরজাফর, ঘসেটি বেগম, লুৎফার প্রেম- অয়োময়
ভালোবাসা, জেগে থাকা, নিজস্ব পরিচয়, ট্যাবু,
এবং কোটি জনতার বেঁচে থাকার মানচিত্র, ক্ষত-বিক্ষত, বিক্ষুব্ধ হৃদয়!