পাঁজরের সাথে লেপ্টে আছে
সবকটি উত্তাল মহাদেশ
বুকের প্রতিটি স্পন্দন প্রশ্বাসে দুলে ওঠে
সুউচ্চ পর্বতরাজির অভ্যন্তরের কঠিন পাললিক শিলা।
সকল মহাদেশ থেকে স্নিগ্ধ সমীরণের মত
জীবনের সাড়া পাই
প্রতিটি ভুমিকম্প ঝড় সাইক্লোনে প্রচণ্ডভাবে শিহরিত হই
সব মহাদেশের বাসিন্দারা আত্মার সহযোগী
আমার প্রাণের সুরভি রোদস্নাত দিবসের মত
তাদের উচ্ছল করে তোলে।
এশিয়ার বসন্তকে হৃদয়ের ছন্দে ভরপুর করে তুলি
ইউরোপ আফ্রিকার অসহনীয় শীতকে করি দারুণ উপভোগ্য
অ্যামেরিকা আমাকে চায় নিদারুণ আবেগে
আমাকে কামনা করে জনহীন নিথর অ্যান্টার্কটিকা
সুমেরুর বরফঘরে এক্সিমোরা কাটাতে চায় সাথে
আনন্দমুখর জাগ্রত রাত।
সকল দ্বীপ জলাশয় উপত্যকা মালভূমিতে মেখে দেই
মনমাতানো রঙের জৌলুস
আমাকে কাছে পেতে প্রতীক্ষা করে ফোরাতের ছোট্ট আবাবিল
শক্ত ডানার বাজ শঙ্খচিল সমুদ্র ঈগল শ্রদ্ধায় করে কুর্নিশ
আমি ক্ষুদ্র হয়েও মিশে যাই অসীম সমগ্রে
আমার অন্তর হয়ে যায় অজান্তে অবমুক্ত দেশ মহাদেশ।