অক্ষিগোলকের দ্রুত ঘূর্ণনকালে নিদ্রিতজন স্বপ্ন দেখে
স্বপ্নে মানুষ কখনো পাখি হয়ে ডানা মেলে
কখনো বা ঈগলের পিঠে সওয়ার হয়
পৌরাণিক ইকেরাস বা পিতা দিদেলাসের মত
হাওয়ায় ভেসে চলে
দূর থেকে দূরে, অতি দূরে পৌঁছে যায় এক লহমায়।
কখনো সমুদ্র থেকে সমুদ্রে, অতল গভীরে
জুলভার্নের নিমোর মত নটিলাসে সফর করে
আনন্দে, আবেশে স্বর্গের উদ্যানে উদ্যানে ঘোরে
নিদ্রা হতে জাগরণে, নিমিষে সব ভেলকি মনে হয়, অলীক মনে হয়।
জীবনে কেউ কেউ স্বপ্ন দেখে
কেউ বা স্বপ্ন দেখায়
আর কেউ আছে স্বপ্ন দেখে আবার দেখায়ও
নিদ্রিতের আর জাগ্রতের স্বপ্ন এক হবার নয়
স্বপ্নই মানুষকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়।