আমরা দু’জন এ শহরের বাসিন্দা নই
চুপচাপ রাতদিন রান্নাবান্না
খাওয়া-ঘুম নিশীথ ভোর।
দেখিনা সাপের গর্তে হিসহিস
ব্যাঙের মুখে ব্যাঙাচি শরীর।
কোথাও কোনো বসতি নেই, কোলাহল
কোথাও আঙিনায় ভোর নামে না, শিশির
টুপটাপ পড়ে না মসুরডানায়। এখানে শিউলি
ফোটা পাপড়ির সকাল নেই, আজলায়
ওঠে না দুধমাখা শ্রাবণ। ঢেউ নেই
নদী মোহনায়, ভেঙে গেছে সব উঠোন।
কোথাও কোকিল নেই, সব ছায়াশরীর
নামে না চড়ুই বিকেল, দাওয়ায় উকুনি গল্প নেই
সন্ধ্যা আসে না ঝিঝির ডাকে। কলাইয়ের শিম নিয়ে
রাত নামে না গৃহস্থ উনুনে, উবে গেছে কর্পূর-ইমেজ।
আমরা আর এ শহরের বাসিন্দা নই
এখানে দেখি শববিলাস; নেই শাপলার বিল
গজনার হাট, অশ্বত্থ-জারুল; জীবনানন্দ।
এখানে আছে কেপটাউন, ব্রিসবেন, নিউইয়র্ক নগরী।
আছে দেখি রঙিনপাখা; উড়ন্ত ঘোড়া
ইভিএম-স্বপ্ন; ক্ষমতার মসনদ।