সাহিত্যের সাথে মানুষের ইতিহাস, প্রথা, সংগ্রাম ও সম্প্রীতির গভীর যোগসূত্র রয়েছে, এজন্য সার্বিক সমাজচিত্রের শিল্পরূপকে উদ্ভাবনের প্রয়োজনে আমরা সাহিত্যকে দর্পণ বিবেচনা করি। সাহিত্য একটি নির্দিষ্ট ভাষিক অঞ্চলের সংস্কৃতির অনিবার্য অনুষঙ্গ এবং সংস্কৃতির গতিশীল ধারাবাহিকতার নিবিড় পাঠ। মানুষের জীবনের সাথে গভীর প্রচ্ছন্নতায় যে শিল্প নিরন্তর খেলা করে সাহিত্য হচ্ছে সেই অনাবিষ্কৃত শিল্পের প্রমিত ভাষণ। আমরা গভীর অনুভূতি ব্যক্ত করার ক্ষেত্রে সাহিত্যিকদের রচনা এবং উচ্চারণকে দিয়ে মনোভাব প্রকাশ করে থাকি। আমাদের বাংলা সাহিত্য বহু কবি-লেখকের অনেক মূল্যবান ঐশ্বর্যে শোভায় পরিপূর্ণ। তেমনি পৃথিবীর দেশে দেশে, বিভিন্ন ভাষায় রয়েছে অসংখ্য কবি-সাহিত্যিক এবং তাঁদের অভিনব রচনাসম্ভার। সেসব পাঠে- অনুধাবনে-পর্যালোচনায় আমাদের সৃষ্টিশীলতা ও মননশীলতার বিকাশ ঘটে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে। বিশ্ব-সাহিত্যের অনন্য ও আলোকিত অংশ এবং এর সৌন্দর্যকে শিল্পসমঝদার ও সাহিত্যপ্রেমীদের সামনে উপস্থাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির এবারের আয়োজন ‘বিশ্বসাহিত্য পরিক্রমা’। এই আয়োজনের লক্ষ্য, আমাদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার সাথে সম্পৃক্ত সভ্যজনদের সাথে বিশ্বসাহিত্যের পরিচয় ও মেলবন্ধন সৃষ্টি করা এবং শিল্পের মানুষের বিশেষ উৎকর্ষ সাধন করা। এটি একটি পাক্ষিক কর্মসূচি এবং এতে ধারাবহিকভাবে পৃথিবীর বিভিন্ন ভাষার সাহিত্য নিয়ে আলোচনা করা হবে।
‘বিশ্বসাহিত্য পরিক্রমা’ অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে ১৪ আগস্ট সকাল ১১ টায়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার হলে অনুষ্ঠিতব্য এ কর্মসূচির উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক জনাব আহমদ রফিক। প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে, আরবী সাহিত্যের অতীত ও বর্তমান চর্চা এবং বাংলাদেশে আরবী সাহিত্যের অবস্থান বিষয়ে। এ বিষয়ে মুখ্য আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। বিশ্বসাহিত্যের পাক্ষিক এ সভায় আপনাকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি, এ আয়োজনের সংবাদ আপনার জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানাচ্ছি।