তোমার ক্রমশ উন্মোচিত হওয়ার মুহূর্তে
মনে পড়ে দুই হাতের তালুতে যেভাবে ফুটে ওঠে অনন্তের রেখা
অলৌকিক উদ্ভাস কিংবা অতন্দ্র প্রেম!
পৃথিবী জুড়ে যখন লাল কালোর জাঁকালো উৎসব
তোমার দু হাতেই বাঁচিয়ে রেখেছো তবু এত শুভ্র আলাপ।
যেভাবে সৌধের ভিতরে ধ্রুবকের মত নির্বাণ মূর্তি
কিংবা মানচিত্রের কাছে নতজানু নবীন সৈনিক
তোমার অস্তিত্বের চরাচরে আমি
আনত-চুম্বনে স্থিত প্রাজ্ঞ।
পশ্চিম আকাশে কিছু সম্ভাবনা আজও আছে
তাই তুমি এত দ্বিধাহীন?
তবে, এসো আমরা এক হই
আরও সুনিবিড় এক হই
একাকার হও য়ার পরেও
এসো, এক অন্য আলোয়
আমরা নিরাকার হই
অনিঃশেষ।