
চারিদিকে উঠছে দাবি-দাওয়া
কোনো দাবি হচ্ছে আদায়
কোনো দাবির হচ্ছে মাথা খাওয়া
বায়ান্নতে উঠলো দাবি
রাষ্ট্রভাষা বাংলা চাই- দিতে হবে
স্বৈর যেনো বললো হেসে
কিসের দাবি আমার দেশে
উর্দু এবং যে ভাষাটা আমরা দেবো- নিতে হবে।
উঠলো ফুঁসে দামাল কিশোর তরুণ
আন্দোলনের অগ্নিমশাল, ইতিহাসের ইতিহাসও করুণ
জীবন গেলো, রক্ত গেলো, পথের কালো পিচটা হলো লাল
কৃষ্ণচূঁড়ার লালের সাথে বাংলাভাষা উঠলো হেসে
স্বাধীনতার স্বপ্ন নিয়ে ডাকলো মহাকাল।
চুয়ান্নতে ভোটাভোটি- আসলো দেশে জয়ের ধারা
ছেষট্টিরই ছয় দফাতে স্বপ্নচোখে উজ্জ্বীবিত
আন্দোলনের বাঁক-মোহনায় কাটলো মনে ভয়ের ধারা
শহীদ জোহা রক্ত দিলেন, রক্তলালে সাজলো স্বপ্নগাঁথা
একাত্তরের নয়টি মাসে, কষ্টসাগর সাঁতরে শেষে
মুক্তি-আশায় বিজয় এলো বুকের ভেতর সবুজ স্বাধীনতা।
শাদা-কালোর ক্ষণ পেরিয়ে
পাহাড় নদী বন পেরিয়ে
আসাদ-মিলন ডাকছে আজো পথে
মুক্ত-স্বাধীন চলার দাবি
বুকের কথা বলার দাবি
স্বপ্নদাবি ফিরছে উল্টোরথে!
কোটি তরুণ তুলছে দাবি- ‘চাকরি কোটায় হাত দিন’
সংস্কারের ধারায় এনে বৈষম্যটা বাদ দিন।
কোমলমতি ফুলের মিছিল
দেশটা জুড়ে কোটি মুখে আরেক দাবি ফুটলো
রাস্তাগুলো হোক নিরাপদ, নিয়ম মেনে বাহন চলুক
এক দাবিতে সবাই এসে জুটলো।
সবুজ দাবি হচ্ছে তবু কালো
রাস্তা-পথেই হচ্ছে দাবি জবাই
দাবির পাতায় মুক্তি খোঁজে ইতিহাসের আলো
স্বপ্নবিজয় বুকে চেপে
কষ্ট-কুলুপ মুখে চেপে
দেশের মানুষ থাকবে নীরব সবাই?
নতুন পাতায় ঝড়ের মাতম- তার নামই তো ফাগুন
স্বপ্ন স্বাধীন স্বদেশ পেতে ডাকছে ওরা- জাগুন।