আমরা যেতে চাই, দেখি-
হিংস্রক্রোধে রক্তমাতাল নদী
যেনো উঠলো ফুঁসে ভাঙনের উলাসে
আমরা যেতে চাই, শুনি-
উটকো ঝড়ের গম্ভীর গর্জন
যেনো উম্মাদ হলো সমূহ সর্বনাশে
আমরা যেতে চাই, পথে-
প্রতিহিংসার হায়েনা দেখায় দাঁত
যেনো ভয়ের কাফনে ঢেকে দিতে চায় মুখ
আমরা যেতে চাই, হাসে-
আদিম যুগের ঘৃণ্য প্রেতের ছায়া
যেনো উদ্ধত হাতে কেড়ে নিতে চায় সব
আমরা তো যাবো, আমাদের যেতে হবে
ছিঁড়ে সহস্র মিথ্যার জঞ্জাল
আমরা যাবোই, আমাদের হবে যেতে
আমরা উড়াবো স্বপ্ন জয়ের পাল।