দাঁড়ালে পাথর হয়ে যাই
আমি তাই হাঁটি
অবিরাম পথের নেশায়
পায়ের তলায় আঁকি মানচিত্র রক্তের রেখায়
পদে পদে খানাখন্দ, কাঁটাঝোপ, ক্রোধান্বিত রোদ
তবু
পথের নেশায় পখ খুলে যায়
খুলে যায় জানালায় ডানা
সব দরজার সামনে মানুষের দেখা পেয়ে যাই
আমি তাই হাঁটি
দাঁড়ালে পাথর হয়ে যাই।
পুতুলের বিয়ে
পুতুলের সঙ্গে পুতুলের বিয়ে।
মালাপাতির সরঞ্জাম দিয়ে জবরদস্ত ভোজের আয়োজন।
কলাগাছের মাংস
ইটের মরিচ, ঘুণের পোস্তদানা, আরো অনেক কিছু।
বিয়ে হয়ে গেল।
পেয়ারাতলায় ঘরবাড়ি
বিস্কুটপ্যাকেটের খাট, পাতার সবুজ বালিশ।
সন্ধ্যার আগেই
জামাই বউতে ছাড়াছাড়ি হয়ে গেল।
কারণ আর কিছুই নয়
দু’ জনের কেউই ঝগড়া করতে জানে না।
সম্পর্ক
কতো নিশিপাখি
তারা ছিঁড়ে আনতে গিয়ে আজও ফিরে নাই।
আকাশের কালো গর্ত এ রকম খাদ্য ভালোবাসে,
এ কথা জেনেও তুমি উড়াল দিয়েছ।
কিন্তু মনে রেখো
এখনও কিছুটা রোদ তাকিয়ে রয়েছে বারান্দায়,
যেখানে তোমার দুঃখ প্রায়ই তুমি শুকোতে দিয়েছ।