শরৎ আলতো ঘাসে শিউলি বকুল
সবুজ ধানের চারা বাতাস দোদুল
তাল পাকা ভাদ্রের মৌ মৌ ঘ্রাণ
সাদা সাদা কাশফুলে দুলে উঠে প্রাণ
শরৎ মেঘের কোলে রোদের হাসির
আকাশ নীলাভ ঘন তুলোর রাশির
পুকুরে নিটোল পানি স্বচ্ছ বিমল
রূপালি খলসে মাছ করে ঝলমল
শরৎ আমন ক্ষেতে ঝিরিঝিরি হাওয়া
দামাল কিশোরদের বিলে ঝিলে নাওয়া
আনমনে খুকিটির সিক্ত নূপুর
জেলে মাঝি চাষীদের ব্যস্ত দুপুর
শরৎ হাসনাহেনা শাপলা শালুর
শান্ত নদীর চরে শুভ্র বালুর
শিশির দূর্বাঘাসে সিক্ত উঠান
শরৎ ফুলের মেলা পাখিদের গান।