ওই রুমাল সকলে চেনে
মোটা সবুজ সুতোয় বোনা
চারকোনায় হৃদয় কথা বলে
পড়ে আছে আঙিনার জঞ্জালের ভিড়ে
কিছুদিন আগের বানের জলে
কোথাকার প্রেমের বঞ্চনা
ভেসে যাওয়ার রীতি মেনে
এখানে এসেছে ধীরে?
আম-কাঁঠালের ফেলে দেয়া পচা অংশে
ভনভন মাছি ওড়া
গন্ধের দঙ্গলে
তোমাকে মানাচ্ছে না তো
হে বিষাদ জাগানিয়া, চিরকোমল আমার পরানের কণা!