একটি সুতোর ডগায় ঝুলে আছে আমার পৃথিবী
ঝুলে আছি মেঘেদের দেশে, চারপাশে যে ঘোর রাত্রিলোক
সূচিও বেঁধে না
শুধু স্খলিত উল্কার আলো গায়ে এসে লাগে
মাঝে-মাঝে লাল দিগন্তরেখা ডানা ঝেড়ে উঠে আসে ভোরবেলা
তার স্পন্দনে আমি পেণ্ডুলামের মতো দুলে যেতে থাকি
সে আমাকে টেনে নেয় তার অগ্নিপালকের গহ্বরে
এইভাবে দুলতে-দুলতে যদি টুপ করে খসে পড়ি কোনোদিন
তখনও কি বাথটাবে কিন্নরীকণ্ঠের গান শোনা যাবে?
নরম শয্যায় দুপুরের গা থেকে খসে পড়বে পাতা ও বাকল?
অপেক্ষা বিছিয়ে রাখবে ফেরিঘাট অথবা শান্ত টি-পট, বিকেলের ছাদ?
এইভাবে দুলতে-দুলতে যদি সৌরঝড়ে ছিঁড়ে যায় সুতো
নিচে শূন্যের অননমশ হাঁ-মুখ
কলোনির হতশ্রী বাড়িটিতে কড়া নেড়ে আর
আমাকে কখনো খুঁজে পাওয়া যাবে!