কেমন নিশ্চল সবকিছু, অনন্ত স্থবির-
যেন এঁদো পুকুরের পচা পানি,
কেবলি দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে! ঘোলা চোখ
প্রত্যেকেরই, হয়ে আছে স্থির
নিজ নিজ স্বার্থের উপর। কারো দিকে জানি
তাকাবার ফুরসত কারো নেই। একবারও
এ সত্য হৃদয়ে কারো
হয় না উদয়-
এ কোনো জীবন নয়।
জীবন তো নেকড়ের পায়ে নিশীথের পাছ পাছ ছুটে চলা;
স্লুইচ গেইট ভেঙে ফেটে পড়া পানির স্রোতের মতো
ডুবিয়ে দেওয়া সুপ্ত জনপদ; অথবা বর্শার ফলা
হয়ে বিঁধে থাকা আবু জেহেলের হৃৎপিণ্ডে। কত
পাষণ্ড সীমার কেটে চলে আজও মানুষের গলা;
কত নেমেসিস প্রচণ্ড উদ্ধত
সেজে আছে খোদা
পৃথিবীর মসনদে, যাকে মানুষ সর্বদা
খোদার অধিক করে ভয়।
যে-জীবন ভূতের সেজদায় আছে নুয়ে,
সে-জীবন মানুষের নয়।
যে-জমিনে ঝড় নেই,
তুফান-প্লাবন নেই,
নেই ভূমিকম্প-
ভূত-প্রেত রাত্রিদিন করে লম্ফঝম্ফ
সেখানে জীবন জানি
হিমঘরে রাখা কোনো লাশ
কিংবা পাথরের নিচে চাপা পড়া মৃত ঘাস।