জগতের আছে একটি মাত্র ভাষা
ভালোবাসা ভালোবাসা
জ্বলন্ত সব চাকার ওপর দিয়ে
ভালোবাসা তার ব্যাপ্তিকে যায় নিয়ে
নীরবতা দিয়ে ঢাকা তার শব্দেরা
বেহুলার চোখে লক্ষিন্দরের ফেরা
না বোঝা কথার যত অবগুণ্ঠন
আর নিভে আসা ঝাড়বাতি দশানন
ভাষা ভুবনের রহস্য চাবিকাঠি
চোখ ও পলক দু’জনাই সহপাঠী
মুক্ত মাঠের রাখাল ছেলেরা জানে
মূক ভাষা পায় কতটা অম্লজানে
প্রিয়তম জানে প্রতীক্ষা কত দামি
বলিদান বোঝে শাশ্বত সংগ্রামী
কত বিজ্ঞানী দার্শনিকের মতো
জানা অজানার দোলাচলে বিক্ষত
কত অভিবাসী সাত সমুদ্র পাড়ে
কোনোমতে বাঁচে দোভাষীর কারাগারে
আর মুক্তির প্রসঙ্গ যদি আসে
তারাই স্বাধীন যারা শুধু ভালোবাসে
জীবন ও জগতে একটাই পরিভাষা
ভালোবাসা ভালোবাসা