চপল পায়ে ছুটছি আমি
গ্রামের মেঠো পথটা ধরে
সবুজ শ্যামল বৃক্ষরাজি
হাতছানি দেয় আদর করে।
আকাশ ভেঙে দেয়া ডাকে
শ্রাবণধারা গায়ে মেখে
ভিজবো আমি নদীর বাঁকে
হারাবে স্রোত আমায় দেখে।
কদম ফুলের থোকা নিয়ে
হারাব কোন ফুলের বনে
ফুলের রেণু গায়ে মেখে
নাচবো পাখির গানে গানে।
প্রকৃতি আজ জড়িয়ে তাই
ভালোবাসার পরশ বুলায়
চাষির গানে প্রাণটা জুড়ায়
ঘুমাই আমি শীতল ছায়ায়।