একদিন ডাহুকেরা আমাকেই ডেকেছিল
চেরাগ আলির বদ্ধ ডোবা থেকে
ডাকতে-ডাকতে ক্লান্ত হওয়ার আগে
শেষ বারের মতো চিৎকার করে উঠেছিল…
আমি পাটখেত ভেঙে-ভেঙে
পিপাসায় কাতর হওয়ার আগেই পৌঁছাতে চেয়েছিলাম
কেননা, ডাহুকেরা আমাকেই ডেকেছিল।
ও-পাড়ার জমসের বাইদা ফাঁদ পেতে
লুকিয়ে থাকে ঝোপের আড়ালে,
একটা ডাহুক বহুদিন ধরে বন্দিনী তার খাঁচায়,
অহর্নিশি সেই অভাগিনী গেয়ে ওঠে
পরাজিত জীবনের গান…
কেন জানি, আমি সেই খাঁচার ভেতরের
ডাহুক হতে চেয়েছিলাম;
চেয়েছিলাম, চেরাগ আলি ডোবা থেকে উঠে আসুক
আরেকটা বেদনার স্বরলিপি;
ঠিক তার আগেই, অগণন ডাহুক একদিন
আমাকেই ডেকে নিল। শুধু আমাকেই।