পাহাড়ের কার্নিশ বেয়ে উড়ে যায় পাখি
পাখিদের নীড়ে ফেরার তাগিদ।
এতো ভীড় কিলবিল নগরে নেই কোনো পাখি সমাজ
আমিও অসীম আকাশের ঢাল বেয়ে ছুটে চলি
পাখির খোঁজে গাছেদের সমাজে
কখনো দৌড়ে যাই পাহাড়ের ছাদে।
ধূলিধুম্র নগরীর অলিন্দে ছোপ ছোপ আঁধার
পাথুরে সড়কে শুধু যান্ত্রিক মিছিল
ফসলের ক্ষেত হয়েছে বিনাশ
দাঁড়িয়েছে মাথা উঁচু করে ইটের খোয়ার
পাখিরা উড়ে গেছে সবুজের কারখানায়
যেখানে নেই ধোঁয়ার আঁধার।
পাখির খোঁজে আমার সুনীল শপথ
ক্লান্ত নই পথিক পদাতিক
পাখিই আমার বন্ধু
রোদ ওঠো রোদ
পাখির সবুজবীথি হোক
নিঃশ্বাসের উজ্জীবিত ফুসফুস।