গাছের পাতা আঁধারের প্রলেপে ঢেকে
প্রতিটি সন্ধ্যা হারিয়ে যায়
গভীর রাতে ঘন হয় আঁধার
দূরের বাতাসে ধরিত্রিকে শূন্য করে পুরনো ঝরে যায় পাতা
পাখির নীড়ে গড়িয়ে পড়ে বেদনার তরঙ্গ
ভাল না লাগার অচেনা অনুভূতি।
সারাটা দিন কেউতো সন্ধ্যার অপেক্ষায় থাকে না
ক্লান্ত পাখি যখন অলস ডানায় উড়ে যায়
ধরণীর সব আলো গুটিয়ে নিয়ে
স্রোতের মত সন্ধ্যা নেমে আসে
ক্ষণিকের জন্য হলেও হৃদয়ে বেদনার ছায়া পড়ে।
এমন অনেক ব্যথিত সন্ধ্যা চলে যায় জীবন থেকে
অনেক মেঘ অনেক ঢেউ অনেক অশ্রুর সাথে মিশে
প্রত্যেক মানুষের জীবনে একটি মলিন সন্ধ্যা আসে
তখন নেমে আসে অনন্তলোক থেকে দুঃসহ আঁধার
মহাকালের বৃক্ষ থেকে অলক্ষে পাতা ঝরে যায়।