গ্রামের সকাল ডাকছে আমায় মাখতে গায়ে রোদ
কিশোর সেজে আরেক আমি ডাকছে আমায় খোদ।
বৈশাখ মাসের উদাস দুপুর দিচ্ছে আমায় ডাক
ডাকছে দোয়েল, বনের ঘুঘু, কণ্ঠে অনুরাগ।
বাড়ির কাছের ছোট্ট নদী ডাকছে দিতে ডুব
সবুজ ঘাসের স্নিগ্ধ বিকেল ডাকছে আমায় খুব।
শন শন শন ডাকছে বায়ু সোনা ধানের মাঠ
ডাকছে আমায় বাবার সাথে প্রথম দেখা হাট।
ডাকছে মায়ে দেখতে আমার হাসি মাখা মুখ
বলছে নাকি সেইখানে তাঁর সাত পৃথিবীর সুখ!
গাঁয়ের সবুজ গাছগাছালি পাখপাখালি সব
ডাকছে তাতে প্রাণ জুড়াতে শুনতে কলরব।
উদাস দুপুর হৃদপুকুরে তুলতেছে ঢেউ রোজ
সবুজ গাঁয়ে ডাকছে সেথায় করতে প্রাণের খোঁজ।