নমরুদ বুঝেছিলো, কী যাতনা মশাতে!
নাকে ঢুকে ফেলেছিলো করুণ এক দশাতে।
তারপর এই দেশেগত দুই দশকে
উৎপাৎ শুরু করে ‘এডিস’ এই মশাতে।
ভয়াবহ রূপ নিলো দু’হাজার ঊনিশে
দ্রুত রোগী মারা যায়,মহাবড় খুনী সে।
মেয়রেরা বলে দেন,‘এটা মহামারী না
আমরা তো ঘরে-ঘরে ধোঁয়া দিতে পারি না।’
রথি-মহারথি যান স্বদেশের বাইরে
আমরা এ জনতারা কোথায় বা যাই রে?
অবশেষে অ্যাকশন, প্রস্তুত কামানও!
ঝাড়ু হাতে ‘তারকা’কে যায় না তো থামানো।
দেখি শুধু, কাজ নয়,বিজি গলাবাজিতে
তারা খোঁজে, এটা এলো কার কারসাজিতে?
অবশেষে আদালত বলে কড়া আদেশে
সহনীয় নয় এটা, শুরু হলো যা দেশে।
তবু শুধু বাণী শুনি দিন-রাত, সন্ধ্যায়
মশা নাকি পরিণত হয়ে যাবে বন্ধায়!
তারা শুধু কথা বলে, নাই কাজ, চেষ্টায়
যথারীতির ছোটাছুটি প্রতিবেশী দেশটায়।
ভেজালও যে খাঁটি হয় উহাদের সনদে!
বিনিময়ে তারা বলে, ‘দেহ দিলি, মনও দে।’