আপনি সামনে এবং পেছনে তাকিয়ে দেখুন, মানুষগুলো কবর থেকে উঠে আসছে,
কবরগুলো নিজেরাই খুঁড়েছে এবং মিথ্যা বলতে বলতে কবর গুলোতে ওরা শুয়ে
পড়ছিল, আর ওই মিথ্যাগুলোই ওদের জীবনে অনিবার্য হয়ে উঠেছে। ডানে বামে
পেছনে সামনে উপরে ও নিচে কিছুই ওরা দেখতে পায় না, কবর থেকে জেগে
ওরা তীব্র ক্ষুধা অনুভব করে, এই ক্ষুধা নিয়েই ওরা কবরে শুয়েছিল।
আপনাকে ওরা ধাওয়া করছে, ওরা এ-ও বলছে, আপনি ভণ্ড, বিভ্রান্ত ও মিথ্যুক।
ইতিহাসে আগেও এমন অনেক ঘটেছে। আপনি ওদের সেই দিকে নিয়ে যান
যেখানে ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে আগুন।
ওরা যা বহন করছিলো শরীরে ও মনে, সেসবই এখনও ওরা বহন করছে। আপনি
একা আর ওরা সবাই আপনাকে তাড়া করছে, ওরা এখন অন্ধ ও বধির। কবি
আপনি যে আঙুল দিয়ে কলম ধরেন, সেটি কেটে রক্ত ছিটিয়ে সামনে ছুটে যান,
ওই রক্ত ওদের আগুনের গুহায় পৌঁছে দেবে।