সোনালি কাবিন কই, কই সেই সোনার মোহর
শোকগ্রস্ত ইস্তেহারে সই দিতে হয়েছি শামিল
তোমার জানাযা মাঠে, কাঁদে আজ সন্তপ্ত যোহর
বায়তুল মোকারম খুলে দিলো জান্নাতের খিল।
অশ্রুতে সজল আমি শোকাহত ভাসি আঁখি জলে
তোমার মৃত্যুতে আজ সবকিছু হয়ে আসে ফিকে
আমার কবিতা তুমি কাব্যকলা শব্দ গলে গলে
ক্রমশ এগিয়ে গেলে অনন্তর সমাপ্তির দিকে।
তোমার প্রস্থান আজ টেনে দিলো কবিতায় যতি
তোমার মৃত্যুতে আজ বাকরুদ্ধ বঙ্গে পঙ্গপাল
ঝড়ের ধূমল গতি থেমে গেছে। বিমূর্ত আরতি
ঝরে পড়ে অবিরাম সাক্ষী রেখে কাল মহাকাল।
সোনালি কাবিন আজ পড়ে আছে সোনার সিন্দুকে
কি ছিলে কেমন ছিলে বুঝে যাবে সকল নিন্দুকে।