বুকভরা তার পাখির কূজন চোখভরা তার ঢেউ
তার মতো আর পাখি হতে আকুল ছিল কেউ?
হারিয়ে যাওয়া মায়ের নোলক কে করেছে খোঁজ
তিতাস নদীর মেঘের খবর কে নিয়েছে রোজ।
কে বলেছে ভাষার কথা ফেব্রুয়ারির অক্ত
কে ছিল বল অমন করে দেশ মাটি মা ভক্ত।
কে এঁকেছে ফেরেস্তাদের নূরের নিপুণ মুখ
না-ঘুমানোর দলের অমন জাগ্রত সব সুখ।
কে করেছে ঝালের পিঠার জন্য হাহাকার
কর্তফুলীর ব্যাঙ ডাকা সেই হাঁড়ির কথা কার।
কে বলেছে আসছে ধেয়ে শুয়োর মুখো ট্রাক
কে বলেছে রুখতে সেটা মতিউরকে ডাক।
দীঘির কথা ফুলের কথা আকুল নদী মাঠ
কে নিয়েছে বই ছেড়ে অই সোনার সবুজ পাঠ।
নারকেলের অই লম্বা মাথায় চাঁদ উঠেছে গোল
সেই কবি আজ তারা হলো, তারার দেশে রোল।