রাখালিয়া উদ্যান, পাকা ফসলের হাসি
স্নেহমাখা বাতাসের ঢেউ, রক্তজবা ভোর
আর ঊর্বরা মৃত্তিকা জুড়ে
শব্দের সুনিপুণ খেলায় সজীব জীবন নিয়ে
সঙ্গোপনে ভেসে বেড়াও
কবিতার মায়াবী মোহন মুদ্রায়।
পথের ধূলিকতা নিমগ্নতায়
অনন্ত ভাবনায় রাঙিয়ে দিয়ে যায়
মায়াবতী সরস্বতীর সোহাগী আশীর্বাণী আঁচলে
তোমার কুসুমিত অন্তরের ক্ষরিত বয়ান।
চোখের মায়ায় সবুজের ঢেউ, সুবাসিত ফুল
প্রেমমৃত্তিকার ঘ্রাণ, অদ্বিতীয়া সোনালি কাবিনের
উপমার মাতমে ভরা উঠোনে
উড়ালডানায় উড়ালচিঠি হয়ে
সকল হৃদয়ের পল্টনে দিয়ে যাও
শব্দের বসন্ত-রাঙা প্রভাতের উচ্ছ্বাস
আর অপরূপ সুভাষিত কাব্যের কনকলতা।