মৃত্যু স্বজনের মতো কড়া নাড়ে প্রতি রাতে
মৃত্যু সত্য জেনেও লুকাই আঁধারে,
কেউ না কেউ চলে যায় তার হাত ধরে
কেবল আমি রয়ে যাব বুড়ো শকুনির মতো
নিঃসহায় শরীরে তীক্ষ্ম দৃষ্টি মেলে
আর স্মৃতির এলোমেলো পাতায়
কাঁপা হাতে আঁকব বেদনার আঁকিবুকি
পরিচিত পৃথিবীর অপরিচিতার মতো
গুনে যাব সময়ের দম দেয়া ঘড়ির কাঁটা ।
অপরিমেয় অতীতের ভারে কুঁজো বুড়ির মতো
শীত রাতে চাঁদের বুড়ি হয়ে চরকায় কাটব
সুখের স্মৃতির রেশমি রুমাল
আর মুখের রেখায় লুকাবো
যৌবনের অভিসারের রাত্রির গল্প
কিংবা শৈশবের মায়ের বুকের মিষ্টি সুবাসিত সন্ধ্যা
তারপর আমিও মৃত্যুর আহবানের প্রগাঢ় মমতায়
খুঁজে নেব শীতল মাটির নরম দেহ ।
রয়ে যাবে কেবল জীর্ণ কঙ্কালের মতো
এক টুকরো বিশীর্ণ স্মৃতি।