শতাব্দী পুরোনো ভূমির বুক চিরে-
একটি সতেজ সত্তা নিয়ে
আবারও জন্মাবো উদ্বেল দিনে;
পৃথিবীর মুখ থেকে মুছে দেবো
সব ঊষর প্রান্তর
মুছে দেবো দুর্বল বৃক্ষের অশ্রুজল,
সীমাহীন সাহসের প্রাচীর তুলবো গড়ে,
অক্ষম বীজের কানে ঢেলে দেবো
সক্ষম কথার শৌর্য;
অতঃপর ঊষর প্রান্তর জুড়ে শুরু হবে-
ফসলের আন্দোলন;
জেগে উঠবে সহস্র ঘুমন্ত বৃক্ষ;
যে-বিহগ ভুলেছিল গান-উড়েছিল শূন্যে,
নতুন বৃক্ষের ডালে-
সে-বিহগ মেলে দেবে ক্লান্ত ডানা
প্রাচীন ভূমির বুকে জেগে উঠবে প্রণয়।