এই বিশাল পৃথিবী নদীরা আমাকে ডাকে
জোনাকি রাতের তারা নিশিগন্ধা-নির্জন আমাকে ডাকে
সাগরের তীর ঘেঁষে আঁচড়ে পড়া ঢেউ আমাকে ডাকে
দূর-দিগন্তে পাহাড়ি সবুজ মৌন-বিকেল আমাকে ডাকে।
কার কাছে যাবো? কার? তুরাগ নদী আমার
ধানসিঁড়ি নদী হয়ে ধলেশ্বরী-ডাউকি থেকে সুগন্ধা
ভাটির সুর তরঙ্গে আমিও ভাটিয়াল মানুষ
যমুনার ঢেউ যেন বয়ে যায় আমারই বুকে।
পৃথিবীর পথে পথে গড়েছে নগর প্রাসাদ পাঞ্জাব
ডালাস ডুবাই ঘুরে তিব্বত শহর ডাকে
উড়োমন উড়ে যায় উত্তর মালয় শহরে
পৃথিবীর পূর্বপশ্চিম আমার পদরেখা এঁকে দাও।
নেশার শহর ডাকে নিঝুম শহর
রাতের নির্জনে জ্বলে শহরের বাতিঘর
ঢেউয়ের নগর জ্বলে নিয়নবাতির তারায়
জীবন রাঙিয়ে দাও ওগো নগর নয়না।
মনে মনে চলে যাই হিমাদ্রি আল্পস উঁচায়
জীবন-শাড়ির আঁচল থেকে ছুটতে পারি না
মায়ের নয়নে আমি বাঁধা পড়ে আছি
মেয়েদের কাছে আমি নতজানু বাপ
আমাকে ক্ষমা করো হে সুন্দর পৃথিবী।