কবিতা হতো না যদি না ফুটত বনের বাহারী ফুল..
কবিতা হতো না যদি না ছড়াতো সুরসুধা বুলবুল।
কবি কি লিখতে পারতো কবিতা না যদি বইতো নদী;
কবির হৃদয়ে আবেগ জাগাতে হাওয়া বহে নিরবধি।
কবিতা কি হতো পাতায় পাতায় না যদি লাগতো দোলা
প্রকৃতির মায়া কবির মনকে করে দেয় আলাভোলা।
পাহাড় কবিকে বহুদূর থেকে হাতছানি দিয়ে ডাকে…
বাহারী মেঘেরা কবির দু-চোখে মায়াবী স্বপ্ন আঁকে।
ঝিরিঝিরি নীল ঝরনার ধারা, বৃষ্টি টাপুর-টুপ..
ঝরাপাতাদের মর্মর ধ্বনি, নিঝুমতা নিশ্চুপ..
শিশির জড়ানো শেফালি ফুলের পেলব মেদুর ঘ্রাণ..
বনের আঁধারে জোনাকির খেলা, ঝিঁঝিঁদের ঝিঁ-ঝিঁ গান..
হঠাৎ ডাহুক-গুবগুবগুব, হঠাৎ উদাস মন..
হঠাৎ সন্ধ্যা ঝাউবনে হাওয়া, চাঁদের আলিম্পন।
চাঁদ না উঠলে, ফুল না ফুটলে, মেঘ না ঝরালে দেয়া..
কবি কি পারতো মনের নদীতে ভাসাতে ভাবের খেয়া!
ওরা না থাকলে কিছুই হতো না, জন্ম নিতো না কবি-
কবিতাবিহীন পৃথিবীটা হতো প্রাণহীন ছায়াছবি।