মেঘের আড়ালে আঁধারে কী ভাবে দেখবো তোমাকে?
তোমাকে দেখবো আলো আঁধারির বিদ্যুতালোকে!
বিদ্যুতালোকে মেঘের বসতি; তুমি মেঘ হলে
মেঘের চিবুক ধুয়ে দেবো আমি বৃষ্টির ছলে।
বৃষ্টির জলে ধুয়ে নেবো যারে চিরচেনা নারী,
পরনে যে তার মেঘ বৃষ্টির জলরঙ শাড়ি।
পরাগের মতো বৃষ্টির রেণু ছুঁয়েছে অধর,
মেঘের আড়ালে তোমাকেই দেখি অষ্টপ্রহর।
মেঘের বাড়িতে খোয়া গেছে আজ একটি হৃদয়,
মেঘ ঘর্ষণে একাকি হৃদয় কী কথা সে কয়!
তবে কি হৃদয় নিয়েছে সে ঠাঁই প্রিয় প্রাঙ্গণে;
অপেক্ষায় যে ছিলো এতোকাল নিজ গৃহকোণে।