রাত গভীর-গভীরতা উসকে দ্যায় দিনের আলো
সমাজ পচে গেলে উসকে দ্যায়
প্রবঞ্চক সময় ষড়যন্ত্র;
সমুদ্রের জাহাজে চমকে উঠে ভোরের সূর্য
কতদিন চলে- কে জানে, জীবনের নতুন ব্যাকরণ?
অব্যাকরণিক জীবন সুন্দর; জীবন রোদের
গন্ধে পুড়ে পুড়ে জংধরা বিকেলের ঘাম মুছে দ্যায়
বিপ্লবের প্রতিপিঠে ভাস্বর
সকালের আশা
সকলের আশা
ভাসা ভাসা শৈবালে লুকিয়ে থাকে শামুকের লাজ;
বিবিধ রোদের নরম করতলে একটি শ্যামল বিশ্বাস
কেনো এসছিলো?…কী এসেছিলো জীবনের দ্বৈরথে
একটি বিবিক্ত বিলাসের কান্না নিয়ে- খেয়াঘাটে মাঝি নেই
মাটির কলসে পানি নেই। পানির রঙে তোমাকে মিশিয়ে
কেবল গিলে খেলাম গণতন্ত্রের ইতিহাস!
তরঙ্গ উচ্ছ্বাসে কেঁপে ওঠে- সময়ের বেদনারহিত পিয়ানো
কিবোর্ডে আঙুল রেখে লিখে যাই কবিতার উষ্ণ পঙ্ক্তি
কিছু গরল
একটু সরল
খানিকটা তরল
তারপর… নেই তল্লাটে কোনো বিশ্রামের পাঠ
নিলাজ দালালের দালালি বেড়ে যায়…
আমার করোটিতে খেলা করে-
দালাল বিনাশের যদি একটি ডিনামাইট বানাতে পারতাম!