বাসুদেব পোড়া বাস্তুভিটায় নির্বাক দাঁড়িয়ে আছে
উঠোনে বৃদ্ধা মা, প্রিয়তম স্ত্রী আর দুই ছেলে
তারাও বাকরুদ্ধ। বাস্তুভিটা থেকে এখনও মিনমিনে
তাপে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে নালিশ করতে
উড়ে যাচ্ছে। আমরা সমবেত হয়েছি ওদের-
সমবেদনা জানাতে।
বাসুদেব জানে- যারা ঘটনা ঘটিয়েছে, তারাও
আসবে- জানাবে সমবেদনা; আর অচিরেই তাকে
অজানায় পাড়ি দিতে হবে।
বাসুদেব আসে বাসুদেব যায়, পথের নিশানা তার
জানা নেই। জানা নেই, কার কাছে নালিশ করবে!
তবু বাসুদেবরা জেগে থাকে অসীম সাহস বুকে বেঁধে।