ঘরের ভেতর জমেছে অনেক কিছু
এখানে-ওখানে জমাট অন্ধকার,
বিছানা-বালিশ হাঁড়ি-পাতিলের ভেতর
তেলাপোকা আর ইঁদুরের কারবার।
তেল চিট্চিটে কাপড় ঢেকেছে আলো
টেবিলে জমেছে অখাদ্য পাউরুটি,
টিকটিকি ডাকে জুতোর বাক্সে বসে
মশা-মাছিদের হয় না কখনো ছুটি।
শূন্য কলসে হাহাকার হয় জমা
চলে না সময় থেমেছে দেয়াল ঘড়ি,
দুঃখ ঘুমোয় মেঝেতে চাদর পেতে
ওদের সঙ্গে আমিও বসত করি।
আমার জীবনে জীবন্ত ঘুণপোকা
চিবিয়ে খাচ্ছে ভাগ্যের লেখাজোখা।