হৃদয়ে হৃদয় ঘষে যে আগুন জ্বেলেছিলে তুমি
সময়ের ব্যবধানে ধীরে ধীরে নিভে গেল আজ
আমিও তোমার মতো নগরের পদধূলি চুমি
সাজিয়েছি একে একে তোমাকেই, সুষমা স্বরাজ
এইতো সেদিন আমি পৃথিবীর অক্ষরেখা আর
নগরের বুক থেকে তুলে এনে কতিপয় মিল
গেথেছি কবিতা গান ভেঙে দিয়ে অভেদ প্রকার
অখণ্ড হৃদয় আজ খান খান খণ্ডিত নিখিল
এখনো তোমাকে ডাকি টেলিফোনে ভুল করে আমি
না শোনার ভান করে পড়ে থাক দূর বৃন্দাবনে
জেনে গেছি পৃথিবীর এ গোলার্ধে সূর্য অস্তগামী
নিরাকার অন্ধকার নেমে আসে নির্বোধ নয়নে
না ভুলার অক্ষমতা ক্ষমা করে দিও নিজ গুণে
জানিনা হৃদয় কেন বারবার প্রেম বীজ বুনে