শেষ হয়ে যাওয়া কথার পর থেকে যায় ক্লান্তি
দ্বৈরথে পাতি বুক, কতটা কথার কথা, কতটা ক্লান্তি!
মানুষের থাকে ভীষণ বিষাদ, তুমুল বক্তৃতা
মানুষের থাকে বিলাপের গল্প, তাচ্ছিল্যের করতালি
ভীষণ ক্লান্তির পরেও মানুষের থাকে কথা
তুমুল অবগাহনের পর প্রতিবাদহীন বৃষ্টি।
নাব্যতায় ডুবেছে আশ্বিনা চাঁদ
তুমি ও আমি’র পর আমরা ছিলাম ভগ্নাংশের মতো।
শিস দিয়ে পাখিদের গানে মুখর মৌনতা
তুমি বললে না কথা, আমিও নিশ্চুপ
শঙ্খনাদে কি ভীষণ উলু উৎসব ওষ্ঠপুটে বিষণœতা
নির্বাক চালচিত্রের ভাস্কর্যে ক্ষুধিত নারী!
বলো না বৃষ্টি পতনের অসুস্থতা
ফিসফিস পাতা ও পুষ্পের রেণু সংলগ্নতার কাহিনী।
পোড়ালে বিষাদ বুক, জীর্ণ কথার ফুলঝুরি থাকে
তারা ও তোমরা নিশ্চুপ হলে তুমি থাকো,
আমি থাকি আর থাকে বোবা চাঁদের তির্যক জৌলুস।
নীরবতা এক সোহাগী নারী, মৌনতার হলুদ বন
অজস্র সবুজের অফুরন্ত কিংবদন্তি।
বলো না কথার কথা, মাথা ব্যথা কতখানি
হাত-পায়ে কেমন জড়তা, শীতার্ত মগজ কেমন স্থির।
মুখর করতালে অবিরত শাব্দিক কথন
নাচের মুদ্রায়, ইশারায় কিংবা দৃষ্টিপাতে
যতটা ক্লান্তি সবটুকু তুমি আর আমি।