নেমে যাচ্ছি
বর্ণমালা থেকে ব্রেইলে
হরহর করে নেমে যাচ্ছি
কুয়োর শেষে থেমে যাচ্ছি
তবুও মনে প্রশ্ন জাগে
কেন যাবো বাংলা থেকে গ্রীকে কিংবা হিব্রুতে।
আমার তো যাবার কথা গাঁয়ের মেঠোপথ বেয়ে
প্রাণের কথ্য বাংলায়।
গ্লুকোমার পাখী বাসা বেঁধেছে অক্ষিগোলকে
কিছুই আর দেখতে পাচ্ছিনা
কিছুই আর দেখতে চাচ্ছিও না
অনিবার্য পতনের কারণে
শুধু আঙুলে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করতে চাই
টেক্সটবুক বোর্ড কর্তৃক নির্ধারিত অমোঘ পাঠ্যসূচী
সমস্ত নিউজ পেপার সদ্য লন্ড্রী থেকে আনা
জামাকাপড়ের মতো
থরে থরে স্তুপীকৃত হচ্ছে।
আমি শুধু পত্রিকার নাম গুলো ছুঁয়ে দেখি
আর বোঝার চেষ্টা করি
মালিকানা দলমত
সংবাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা।
টিভির টাচ্স্ক্রিন স্পর্শ করে
একটি বন্ধ চ্যানেলের ঝিরঝির স্ক্রিনে বসে থাকি।
দরোজার পর দরোজার বন্ধ কপাট
জানালা গুলো ভারী পর্দা টানা
একটি অন্ধকার রুমে বসে আছি
কিন্তু পতন টের পাচ্ছি
নেমে যাচ্ছি বর্ণমালা থেকে ব্রেইলে
সীমাহীন দৃষ্টি থেকে নিকষ কালো অন্ধত্বে।