আলাভোলা মনে তুমি ঘোরো সাঁই সাঁই
বেভুল কবিতা জুড়ে নাচা-গানা করো
কেমনে মোহনগঞ্জ নিজ ঘ্রাণে ভরো
আমি তো তোমারে কোন পত্র লেখি নাই।
শব্দ ভেঙে বর্ণ মুছে নামটি সরাই
যতই যতনে বাঁধি কবিতার ঘর
জাগিছে বর্ণমালায় চেহারা তোমার
আমি তো তোমারে কোন কাব্যে লেখি নাই।
মনের জানালা খুলে ঢোকো সবিশেষ
মাধবী হাসনাহেনা ফোটায়ে কলবে
ঘুণে খাওয়া অন্তরে বসেছো নীরবে
বাতাসে উড়িছে সেই প্রেমের আবেশ।
লোক লৌকিকতা ফেলে জলে দিনু ডুব
মুখে বলি নাই তবু ভালবাসি খুব।