প্রতিটি সূর্যোদয় ঘোষণা করবে এই বার্তা-
আমি মাথা নত করিনি
রোদ প্রচার করবে এই কথা-
আমি মৃত্যুকে ভয় করিনি
এই এথেন্স বলবে বারবার-
রক্তচক্ষুকে আমি উপেক্ষা করেছি।
এখানের শস্যসম্ভার বলবে-
আমি তোমাদের সক্রেটিস।
জুলুমের বিরুদ্ধে
অন্যায়ের বিরুদ্ধে
নিষ্ঠুরতার বিরুদ্ধে
গোলাপের চাষ করেছিলাম।
প্রতিটি অত্যাচারের জবাবে একটি গোলাপ
প্রতিটি জিঘাংসার জবাবে একটি গোলাপ।
একদিন ভোর হবে
একদিন সত্যকে তোমরা আলিঙ্গন করবে।
এই বিষের পেয়ালা আমাকে পরাজিত করতে পারে না।