দেয়ালে আমি নিজ হাতে রঙ করেছিলাম। কিন্তু
সেই দেয়ালটা আমি নিজ হাতে নষ্ট
করিনি। নষ্ট- সে হয়ে গেছে।
কীভাবে নষ্ট হলো- এই প্রশ্ন আমরা করি না
কারণ আমরা জানি- কিছুদিন পরে
রঙ ধূসর হয়। রঙ এমনি এমনি উঠে যায়।
গাছ লাগিয়ে অনেকদিন আমরা নির্লিপ্ত থাকি।
স্বামী স্ত্রী মিলনের পরে দশ মাস অনায়াস থাকা যায়।
কারণ আমরা জানি- গাছে একদিন ফুল ফুটবে- ফল হবে-
কোল আলো করে বুকের সন্তান আসবে।
আমরা এও জানি- জীবন পাবার পরদিন থেকে-
আমরা মরে যাবো।
সদ্য চকচকে লোহা কিছুদিন পরে মরচে ধরবে।
তাই আর কোনো প্রশ্ন করি না-
বারবার জীবনকে সাজাই- বারবার রঙ করি।