সেই জগতের কথা জানে যে-অন্তর
সেও বলেনি কিছু সরাসরি;
মাঝেমাঝে ভেসে আসে ঘ্রাণ
মাঝেমাঝে শব্দ মঞ্জরি…
কখনো সখনো দৃশ্যকাব্য
ধাঁধার অঙ্কে ভরা
স্বপ্ন ও জাগরণে দেয় ধরা।
এইসব লিখে রাখি কিছু কিছু
বাদবাকি উড়ে যায়
কেউ কেউ ঘুরেও দাঁড়ায়।
তাদের মাথায় শিং
কারো কারো পিঠে দু’টি ডানা
কেউ কেউ গোয়ের্নিকা
তাদের অর্থ ধাঁধাময়, দ্যার্থক;
কেউ কেউ সরাসরি নয়, আয়নায় দেয় দেখা
পেছন ফিরতে গেলে সরে যায়
কী হবে এসব নিয়ে হায় হায় করে
সে থাকে অন্তরে, তার ভাষা
যে-ভাবে বুঝতে পারি, তারই কিছু কিছু আঁকি
বাদবাকি দেয় শুধু ফাঁকি
আলোর ওপারে থেকে
দেখেও বুঝি না তারে
ধাঁধাময় জগৎ সংসারে।